ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম কালু (২৪) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কালু উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাইফুল ইসলাম নিজের অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশার সামনের কাচ ভেঙে একটি অংশ তার গলায় ঢুকে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
