ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আজমপুর বাইপাস লাইনের খড়মপুর এলাকায় একটি রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আখাউড়া থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে মানিব্যাগ, কিছু টাকা, একটি স্মার্টফোন এবং একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপের বঙ্গ ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র ওয়েল্ডিং সেকশনের কর্মী হিসেবে ‘মো. মিজান’ নাম উল্লেখ রয়েছে। পরিচয়পত্রের ছবির সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের সাদৃশ্যও পাওয়া গেছে।
খবর পেয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, রেলসেতুর নিচের দুই পাশ নেট দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহ ভেসে আসার সম্ভাবনা কম। নিহত ব্যক্তি ট্রেন থেকে পড়ে গেছেন নাকি অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহের পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে।
