The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় মেরামতের ছয় ঘণ্টার ব্যবধানে ফের সিগন্যালিং ক্যাবল চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ফের সিগন্যালিং ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে আখাউড়া বাইপাস স্টেশনের কাছে দুটি সেতুর সিগন্যালিং ব্যবস্থার পাইপসহ মূল ক্যাবল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। সরাসরি সিগন্যালের পরিবর্তে বিকল্প পদ্ধতি ‘পাইলটিং’-এর মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে আখাউড়া বাইপাস স্টেশনের কিলোমিটার ২০৪/৫-এর কাছে টি-১ স্পেশাল গেটসংলগ্ন দ্বিতীয় সেতুর সিগন্যালিং ব্যবস্থার পাইপসহ মূল ক্যাবল চুরি হয়। একই রাতে কিলোমিটার ২০৩/৯-এর কাছে এ-১ সেতুর সিগন্যালিং ব্যবস্থার পাইপসহ মূল ক্যাবলও কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও এলাকায় সিগন্যালিং ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির কারণে রেল পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
আখাউড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো। জোবায়ের শনিবার সকালে বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই লোকেশন বক্সের মালামাল চুরির ঘটনা ঘটছে। শুক্রবার রাতে চুরি হয়েছে ভূগর্ভস্থ সিগন্যালিং ক্যাবল। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি রেলওয়ে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো। আব্দুল কুদ্দুস জানান, এর আগে ঘটে যাওয়া চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘন ঘন সিগন্যালিং সরঞ্জাম চুরির ঘটনায় রেল পরিচালনার নিরাপত্তা ও স্বাভাবিক ট্রেন চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
Exit mobile version