ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত (২৮ মার্চ) আনুমানিক ১টা ৩০ মিনিটে ধরখার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার ২নং ধরখার ইউনিয়নের ধরখার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন একটি বাগানে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪টি রামদা (দৈর্ঘ্য ২২ থেকে ২৮ ইঞ্চি), ২টি ছুরি (১২ ও ৭ ইঞ্চি), একটি লোহার রড (২৪ ইঞ্চি) এবং একটি হুয়াওয়ে Y6 Pro মোবাইল ফোন। উদ্ধারকৃত
আলামতগুলো ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রাসেল (৩১), পিতা: তারু মিয়া, গ্রাম: হাসিমপুর (ভাটামাথা); মো. জাবেদ খাদেম (২৭), পিতা: মৃত জামিল হোসেন খাদেম, গ্রাম: দূর্গাপুর (মধ্যপাড়া); মো. অলিউল্লাহ ভূইয়া ওরফে বাবু (২২), পিতা: মৃত মিজান ভূইয়া, গ্রাম: ধরখার (উত্তরপাড়া)। তিনজনই আখাউড়া থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
